অনির্ভরযোগ্য ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইরান আলোচনায় বসতে পারে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, ইরানের সঙ্গে বহুপক্ষীয় পরমাণুচুক্তি থেকে সরে আসার পর যুক্তরাষ্ট্র হচ্ছে সবচেয়ে অনির্ভরযোগ্য আলোচনার অংশীদার। যেখানে যুক্তরাষ্ট্র ফের ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে।
সোমবার সন্ধ্যায় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার প্রথম দফায় এক পাক্ষিক মার্কিন অবরোধ কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে তিনি এসব কথা বলেন।
রুহানি বলেন, তেহরান যতদিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার ছায়ায় থাকবে, ততদিন মার্কিন প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবে না।
তিনি বলেন, এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেছেন, তার শরীরের ভেতরে এখনও সেই ছোরাটা রয়ে গেছে। সেই ব্যক্তির সঙ্গে আপনি আলোচনায় বসার প্রস্তাব দিতে পারেন না।
রুহানি বলেন, সেখানে যদি কোনো আস্থা থাকত, তবে ইরান সর্বদা আলোচনাকে স্বাগত জানাত। যখন আমরা নিষেধাজ্ঞার অধীনে রয়েছি, তখন আলোচনায় বসা অযৌক্তিক।
গত জুলাইয়ের শেষ দিকে ইরানের নেতৃবৃন্দের একের পর এক সমালোচনায় বিদ্ধ করেছেন মার্কিন প্রশাসন ডোনাল্ট ট্রাম্প। তিনি বলেন, কোনো পূর্ব শর্ত ছাড়াই তিনি ইরানের সঙ্গে বৈঠকে বসতে রাজি আছেন।
যদিও পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও নিজের প্রেসিডেন্টের অবস্থান থেকে সরে গেছেন।