Thursday, August 27

অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে মজনু

0

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া মজনু অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। বৃহস্পতিবার রিমান্ড শেষে মজনুকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবু সিদ্দিক।

এ সময় মজনু স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

গত ৯ জানুয়ারি আদালত মজনুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর গত ১০ জানুয়ারি নারী ও শিশু আইনের ২২ ধারা অনুযায়ী ভিকটিমের জবানবন্দি গ্রহণ করেন আদালত।

এর আগে ৬ জানুয়ারি দুপুরে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। পরদিন রাতে গাজীপুরের টঙ্গী থেকে মজনুকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ জানুয়ারি কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে ৪০-৫০ গজ সামনে আর্মি গলফ ক্লাব মাঠ সংলগ্ন এলাকা দিয়ে যাচ্ছিলেন ঢাবির ওই শিক্ষার্থী। এ সময় আসামি পেছন থেকে মুখ চেপে ধরে ঝোঁপের আড়ালে নিয়ে গিয়ে তার গলা চেপে ধরে। ভিকটিম চিৎকার করতে গেলে আসামি তাকে কিল-ঘুষি মেরে হত্যার ভয় দেখালে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এরপর মজনু ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.