Monday, July 27

অবকাঠামো খাতে তিন হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

0

অবকাঠামো উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে ৩৫ কোটি ৬৭ লাখ ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলোদেশি মুদ্রায় ঋণের পরিমাণ প্রায় তিন হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের অধীনে ‘ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (আইপিএফএফ ২য় পর্যায়) প্রকল্পে অর্থায়নের জন্য এ অর্থ ব্যয় হবে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ বিষয়ে বিশ্বব্যাংক ও ইআরডির মধ্যে দুটি চুক্তি স্বাক্ষর হয়। বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি চিমিওয়াও ফান এবং ইআরডি সচিব কাজী শফিকুল আযম স্বাক্ষর করেন।

মোট ঋণের মধ্যে ২৫ কোটি ৬৭ লাখ ডলার কম সুদের। ছয় বছরের মেয়াদকালসহ ৩৮ বছরে দশমিক ৭৫ শতাংশ সুদে এই ঋণ পরিশোধ করতে হবে। আর ঋণের ১০ কোটি ডলার বিশ্বব্যাংকের স্কেল-আপ ফ্যাসিলিটি তহবিল থেকে দেয়া হবে। ৯ বছরের মেয়াদকালসহ ৩০ বছরে ২ দশমিক ৮৫ শতাংশ সুদে পরিশোধ করতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, আইপিএফএফ প্রকল্পটি ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রথম পর্যায় বাস্তবায়ন করা হয়। মূলত বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ, বন্দর নির্মাণ ও উন্নয়ন, শিল্পবর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও মহাসড়ক, ব্রিজ ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে নির্মাণ, পানি সরবরাহ, শিক্ষা-স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তি খাতে প্রয়োজনীয় অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংক এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রথম মেয়াদে প্রকল্পটির আওতায় প্রায় ২ হাজার ৮৫১ কোটি টাকা ঋণ দেয়া হয়েছে।

একই অনুষ্ঠানে ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস’ শীর্ষক প্রকল্পে অর্থায়নের জন্য বিশ্বব্যাংকের কম সুদের তহবিল এআইডিএ থেকে ৫ বছর মেয়াদী ১০ কোটি ডলারের আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়।

জানানো হয়, এ প্রকল্পটির মাধ্যমে তৈরি পোশাক শিল্প বাইরে রফতানি সম্ভাবনাময় নতুন বাজারে প্রবেশ সহায়তায় কর্মসূচি গ্রহণের জন্য এ তহবিল থেকে অর্থায়ন করা হবে। বিশেষ করে চামড়া, চামড়াজাত পণ্য, পাদুকা সামগ্রী, হাল্কা প্রকৌশল এবং প্লাস্টিক খাতের রফতানি বহুমুখী করণে এ প্রকল্প সহায়তা করবে।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিও ফান বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কর্মসংস্থান সৃষ্টি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

এর আগে চলতি বছরের জুলাই মাসে স্বাস্থ্য খাত ও সরকারি কেনাকাটায় দুটি আলাদা প্রকল্পে বাংলাদেশকে ৫৭০ মিলিয়ন ডলার ঋণ সহায়তার অনুমোদন দেয় বিশ্বব্যাংক। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চার হাজার ৫৯৬ কোটি ৪৮ লাখ টাকা। চলতি বছরের ২৯ জুলাই ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বোর্ড সভায় এ ঋণ অনুমোদন দেয়া হয়।

এছাড়া গত সেপ্টেম্বরে রোহিঙ্গা সংকট মোকাবেলায় কোনো প্রকল্প নিলে বাংলাদেশকে ৪০ কোটি ডলার বা ৩২শ’ কোটি টাকা দিতে প্রস্তুত থাকার কথা জানান সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান। এ সহায়তা ঋণ নাকি অনুদান হিসেবে দেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা নির্ভর করে শরণার্থীদের নিয়ে বাংলাদেশ প্রস্তাবনার ওপর। প্রস্তাবনা দেখে মোট সহায়তার অর্ধেক অনুদান ও অর্ধেক ঋণ হতে পারে, আবার পুরোটাও অনুদান হতে পারে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.