চতুর্থ দিনে বাংলাদেশের লক্ষ্য শ্রীলংকাকে দ্রুত গুটিয়ে দেয়া। দারুণ খেলতে থাকা রোশেন সিলভাকে ফিরিয়ে সেই লক্ষ্য পূরণে জ্বালানি যোগালেন মেহেদী হাসান মিরাজ। তৃতীয় উইকেটে রোশান সিলভা আর কুশলের ১০৭ রানের জুটি। চতুর্থ উইকেটেও ১৩৫ রানের জুটি গড়লেন মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা রোশান এবং লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল। শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের বলে লিটন দাসের গ্লাভসবন্দি হলে থামলেন রোশান। ক্যারিয়ারের প্রথমবার তিন অংকে পৌঁছা এই ব্যাটসম্যান ২৩০ বলে ৬ চার ১ ছক্কায় ১০৯ রান করেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৫৫৪। বাংলাদেশের চেয়ে তারা ৪১ রানে এগিয়ে। হাতে আছে ৬ উইকেট। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে তৃতীয় সেঞ্চুরির পর ক্যারিয়ারের ১৬তম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক দিনেশ চান্দিমালও।
৩ উইকেটে ৫০৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। প্রথম সেশনেই আগের দিন ৮৭ রানে অপরাজিত থাকা রোশান সিলভা ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই তরুণ তিন অংকে পৌঁছতে ১৯৭ বলে হাঁকান ৬ চার এবং ১ ছক্কা। অবশ্য ব্যক্তিগত ১ রানেই ফিরতে পারতেন রোশান। উইকেটকিপার লিটন দাসের সৌজন্যে নিশ্চিত স্টাম্পিং থেকে বেঁচে যান তিনি।
এর আগে ম্যাচের তৃতীয় দিনে ২২৯ বলে ২১ বাউন্ডারি আর ১ ওভার বাউন্ডারিতে ১৭৩ রানের অতিমানবীয় ইনিংস উপহার দেন ধনাঞ্জয়া ডি সিলভা। আর ৩২৭ বলে ২২ চার ২ ছক্কায় ১৯৬ রানের একটি অনন্য ইনিংস খেলে সেঞ্চুরি বঞ্চিত হন ওপেনার কুশল মেন্ডিস। এই দুজনের ৩০৮ রানের বিশাল দ্বিতীয় উইকেট জুটিতে রান উৎসবে মেতে ওঠে লঙ্কানরা।