Sunday, October 25

অবশেষে রাখাইন সফরে গেলেন অং সান সু চি

0

মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর সেনাবাহিনীর চালানো হত্যা ও ধ্বংসযজ্ঞ পরিদর্শনে গেছেন দেশটির স্টেট কাউন্সিল তথা কার্যত সরকার প্রধান অং সান সুচি। বৃহস্পতিবার সকালে পূর্ব ঘোষণা ছাড়াই তিনি ওই রাজ্য সফরে যান। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সু চি আঞ্চলিক রাজধানী সিত্তে এবং আশপাশের অন্যান্য শহর পরিদর্শন করবেন।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট শুরু হওয়া সেনাবাহিনীর জাতিগত নিধন অভিযানে এ পর্যন্ত ৬ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এ নিয়ে আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে প্রথমবারের মতো তিনি ওই এলাকা সফরে গেলেন।

মিয়ানমার সরকার যখন বলছে, বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি বাস্তবায়নাধীন রয়েছে তখন তিনি এই সফরে গেলেন। এর আগে ২০১৫ সালে নির্বাচনের আগে তিনি রাখাইন সফর করেন।

রাখাইন সরকারের উপ-পরিচালক তিন মং সী’র বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট বলেছে, সু চি সিত্তে এসে নেমেছেন, এখন তিনি মংদুর দিকে যাচ্ছেন।

মার্কিন এ গণমাধ্যমে বলা হয়েছে, সু চির মুখপাত্র জ হতয় নিরাপত্তার কারণে তার সফরের কথা আগে প্রকাশ করেননি।
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গারা যুগ যুগ ধরে বসবাস করলেও দেশটি তাদের নাগরিকত্ব দিতে অস্বীকার করছে।
তাদের দাবি, রোহিঙ্গারা বাংলাদেশ থেকে গিয়ে সেখানে আশ্রয় নিয়েছে। কিন্তু এর স্বপক্ষে কোনো দলিল দেখাতে পারেনি দেশটি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.