কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে অবৈধভাবে বিভিন্ন স্থান থেকে পাথর উত্তোলনের বন্ধের দাবিতে মানববন্ধন করেছে সচেতন মহল। এসময় মানববন্ধনে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ অংশ নেয় ।
মঙ্গলবার বান্দরবান প্রেস ক্লাব এর সামনে পরিবেশ বান্ধব সচেতন নাগরিক সমাজ ব্যানারে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জন ত্রিপুরা সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন ম্রো সংগঠনের সাধারণ সম্পাদক রুমক্লা ম্রো, চাক সম্প্রদায়ের ছাত্র নেতা থোয়াইক্যজাই চাক এবং বামং মারমাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসসয় বক্তারা বলেন, অবৈধ পাথর উত্তোলনের ফলে দিন দিন পরিবেশ ও ছড়াগুলো বিলিন হয়ে যাচ্ছে। অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে পানির উৎস কমে যাবে। অবিলম্বে ঝিড়ি ও খাল থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ ও অবৈধ পাথর উত্তোলনকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অতিরিক্ত জেলা প্রশাসক মো:শফিউল আলমের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রেরণ করেন।