Tuesday, August 25

অভিনেত্রী নওশাবার মামলা স্থগিতের আদেশ আপিলেও বহাল

0

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বিরুদ্ধে করা মামলা স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে রোববারপ্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আজ নওশাবার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। এর আগে গত ২০ নভেম্বর নওশাবা আহমেদের বিরুদ্ধে মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে ২০১৮ সালের ৪ আগস্ট ফেসবুক লাইভে গুজব সৃষ্টির অভিযোগে উত্তরা থেকে নওশাবা আহমেদকে আটক করেছিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
এর পরদিন ৫ আগস্ট র‌্যাব-১-এর কর্মকর্তা আমিরুল ইসলাম বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় নওশাবার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর এ দিনই মামলাটিতে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

একই সঙ্গে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল হক তাকে চারদিনের রিমান্ডের আদেশ দেন। প্রথম দফার রিমান্ড শেষে ১০ আগস্ট আবারও নওশাবাকে দুইদিনের পুলিশি রিমান্ডের আদেশ দেন একই আদালত।
এরপর ২০১৮ সালের ২১ আগস্ট পাঁচ হাজার টাকা মুচলেকায় নওশাবা সিএমএম আদালতের দেয়া জামিনে মুক্তি পান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.