অর্থমন্ত্রী স্কট মরিসনকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন জোটের নেতৃত্বে থাকা লিবারেল পার্টি।
শুক্রবার সকালে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, লিবারেল পার্টি তাদের নতুন নেতা হিসেবে স্কট মরিসনকে বেছে নেওয়ায় গত ১১ বছরের মধ্যে সপ্তম প্রধানমন্ত্রী পেল অস্ট্রেলিয়া।
লিবারেল পার্টির নেতৃত্ব নিয়ে গত কয়েকদিন ধরেই সংকট চলছিল। নিজ দলের রক্ষণশীলদের বিদ্রোহে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পদ হারিয়েছেন ম্যালকম টার্নবুল। এ অবস্থায় শুক্রবার সকালে লিবারেল পার্টির নেতৃত্ব নির্বাচন ভোটাভুটি হয়। এতে ত্রিমুখী লড়াইয়ে ৪৫-৪০ ভোটে জয়ী হন ম্যালকম টার্নবুলের ঘনিষ্ঠ সহযোগী অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা স্কট মরিসন।
টার্নবুলের আরেক ঘনিষ্ট সহযোগী পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপও নেতৃত্বের লড়াইয়ে অংশ নিয়েছিলেন। তবে ভোটাভুটির প্রথম রাউন্ডেই বাদ পড়েন তিনি।