Saturday, August 15

অ্যান্টিজেন টেস্ট চালু হতে পারে আগামী সপ্তাহে

0

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেছেন, ‘আশা করছি, করোনা অ্যান্টিজেন টেস্ট আগামী সপ্তাহে চালু করতে পারব। দুই মাস আগে সরকার অ্যান্টিজেন টেস্টের অনুমতি দিলেও ক্রয়সংক্রান্ত প্রক্রিয়ার কারণে এখনো তা চালু করতে পারিনি।’ গতকাল শনিবার কালের কণ্ঠ কার্যালয়ে ম্যালেরিয়াবিষয়ক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘দেশে করোনায় যারা মারা যাচ্ছে তাদের বেশির ভাগই আগে থেকেই বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। আমরা গত সপ্তাহে ৩৯ জনের মৃত্যু তথ্য পর্যালোচনা করে দেখেছি, তাদের মধ্যে ২৯ জনই (প্রায় ৭৫ শতাংশ) আগে থেকে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিল।’
এদিকে দেশে করোনা আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৮৪৭ জনের শরীরে, সুস্থ হয়েছে এক হাজার ৯২১ জন। সব মিলিয়ে এ পর্যন্ত শনাক্ত হয়েছে চার লাখ ৪৫ হাজার ২৮১ জন। এর মধ্যে সুস্থ হয়েছে তিন লাখ ৬০ হাজার ৩৫২ জন এবং মারা গেছে ছয় হাজার ৩৫০ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত হার ১৪.৬১ শতাংশ এবং মোট শনাক্ত ১৬.৯০ শতাংশ। সুস্থতার হার ৮০.৯৩ শতাংশ এবং মৃত্যুহার ১.৪৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, গত এক সপ্তাহে তার আগের সপ্তাহের চেয়ে নমুনা পরীক্ষা বেড়েছে ১১.০৮ শতাংশ, শনাক্ত বেড়েছে ২৬.০২ শতাংশ, সুস্থতা বেড়েছে ১০.৮৩ শতাংশ এবং মৃত্যু বেড়েছে ৪২.৭৪ শতাংশ।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.