Tuesday, August 4

অ্যাপল হেডকোয়ার্টারে বিড়ম্বনা, ৭ কর্মী আহত

0

বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল সম্প্রতি তাদের নতুন হেডকোয়ার্টার উদ্বোধন করেছে। এ হেডকোয়ার্টারে রয়েছে সর্বাধুনিক সব ব্যবস্থা। তবে ভবনটি যতই আকর্ষণীয় হোক না কেন, অ্যাপলের নতুন কার্যালয়ে কাজ করতে গিয়ে বিপাকে পড়েছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। আর এতে আহত হয়েছেন কমপক্ষে সাত কর্মী। যা রীতিমতো গুরুতর বিষয় বলেই মনে করছেন অনেকে।

ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে গত বছর অ্যাপল পার্ক চালু করা হয়। তবে স্পেসশিপের সঙ্গে মিল থাকায় এটি ‘স্পেসশিপ ক্যাম্পাস’ নামেও পরিচিত। এ কার্যালয়ের বেশিরভাগ অংশই কাচের দেয়ালে ঘেরা।

ভবনটিতে উন্মুক্ত অফিস পদ্ধতি ব্যবহৃত হয়েছে। ফলে দৃষ্টিসীমা বন্ধ করে দেওয়া দেওয়ালের পরিবর্তে কাচের দেয়াল ব্যবহৃত হয়েছে। তবে সেগুলো এমনভাবে রয়েছে যে অনেক সময় হাঁটতে গিয়ে কোন কাচের দেয়াল দেখতে পাচ্ছেন না। আর তাই কাজের মাঝে ডুবে থাকা অনেক কর্মীই হাঁটতে গিয়ে ধাক্কা খাচ্ছেন এ দেয়ালে।

জানা গেছে, মোট সাতজন কর্মী অসাবধানতাবশত কাচের দেয়ালে ধাক্কা খেয়েছেন। তবে তাদের মধ্যে দুজনের মাথা কেটে যাওয়ায় তাদের জরুরি চিকিৎসা নিতে হয়।

কাচের দেয়ালকে এমন বিপজ্জনকভাবে রাখা ডিজাইনের ত্রুটি হিসেবেও চিহ্নিত করছেন অনেকে। আইনে কর্মীদের কাচের দেয়ালে ধাক্কা লাগার ক্ষেত্রে যথাযথ সতর্কতা প্রদর্শনের নিয়ম রয়েছে। তবে এখানে সৌন্দর্যের জন্য সে সতর্কতাগুলো তুলে ফেলা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় কর্মীদের নিরাপত্তা প্রদানে ব্যর্থতায় অ্যাপলের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এজন্য কর্মীদের অভিযোগ লিপিবদ্ধ করতে হবে। অবশ্য কর্মক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত সংস্থার ওয়েবসাইট থেকে এখন পর্যন্ত কোনো কর্মীর আহত হওয়ার ঘটনা লিপিবদ্ধ করেননি বলে জানা যায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.