বরগুনায় স্ত্রীর সামনে স্বামী রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনায় কোন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বৃহস্পতিবার (২৭ জুন) চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে কেন?
‘নুসরাত হত্যার ঘটনায় পিবিআই সাফল্যের সঙ্গে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে তো তারা গ্রেপ্তার হতো না। রিফাত হত্যায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে। কোনো অপরাধী ছাড় পাবে না’।
এ সময় তিনি আরো বলেন, এই ঘটনার পরে পুলিশ বসে নেই। ইতিমধ্যে দু‘জন গ্রেপ্তার হয়েছে। জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।
নৃশংস এই হত্যাকাণ্ডে সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সব ঘটনায় পুলিশ দক্ষতা ও বিচক্ষণতার পরিচয় দিয়েছে। আগের পুলিশিং এখন আর নেই। এই পুলিশকে ১০ বছর আগের পুলিশ মনে করলে কেউ, তাহলে ভুল করবে। এখন পুলিশ বাহিনী আধুনিক, তারা মেধার ভিত্তিতে সব ঘটনায় তাদের দক্ষতার পরিচয় দিচ্ছে। তারা অনেক ইনফরমেটিভ।’
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীঅরো বলেন, দেশের পুলিশ বিভাগে ২৩ হাজার নারী সদস্য কাজ করেন। তার মধ্যে ৭২ জন পুলিশ সুপার ও তদুর্ধ কর্মকর্তা। বাৎসরিক অনুষ্ঠানের মাধ্যমে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ উইমেন নেটওয়ার্কের আয়োজনে ৯জন নারী ও একজন পুরুষ সদস্যকে পুরস্কার দেয়া হয়। এবারই প্রথম ঢাকার বাইরে এ অনুষ্ঠান হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও তদন্ত) আমেনা বেগম।