রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে তিন দিনব্যাপী ‘লেদারটেক বাংলাদেশ-২০১৯’ মেলার উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় তিনি চামড়াজাত শিল্পকে দ্বিতীয় রপ্তানি পণ্যে নিয়ে আসার তাগিদ দেন উৎপাদকদের।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে ‘লেদারটেক বাংলাদেশ-২০১৯’ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী।
প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে। দর্শনার্থীরা কোনো টিকেট ছাড়াই বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। প্রদশর্নী চলবে ২ নভেম্বর সন্ধ্যা ৭টা পর্যন্ত।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, চামড়াজাত শিল্পকে দ্বিতীয় রপ্তানি পণ্যে নিয়ে আসতে হবে। সেজন্য যা করণীয়, বাণিজ্য মন্ত্রণালয় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
তিনি পণ্যের মান উন্নত করার তাগিদ দিয়ে বলেন, আন্তর্জাতিক বাজারে যদি আমরা পণ্য রপ্তানির পরিমাণ বাড়াতে চাই, তাহলে আমাদেরকে কোয়ালিটি বাড়াতে হবে। ব্র্যান্ডিং অনেক বড় বিষয়, এটার জন্য প্রয়োজন কোয়ালিটি বাড়ানো।
বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে রপ্তানি আয় ৫ বিলিয়ন ডলারে বাড়াতে রোডম্যাপ তৈরি করা হয়েছে। বাজারকে আপগ্রেড করতে হলে কোয়ালিটি বাড়াতে হবে। সেজন্য বুদ্ধিমত্তা দরকার। ব্র্যান্ডে পরিণত করতে দক্ষ জনবল দরকার। এ খাতে রপ্তানি বাড়াতে কী কী দরকার, উদ্যোক্তারা জানালে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।
লেদারটেক বাংলাদেশ এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মহিউদ্দিন আহমেদ মাহিন ও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. শাহীন খান। স্বাগত বক্তব্য রাখেন আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স লিমিটেডের পরিচালক নন্দ গোপাল।
লেদারটেক বাংলাদেশ-২০১৯’র সপ্তম এই আসরের আয়োজন আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেড। এছাড়াও লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তৃতীয়বারের মতো আয়োজন করেছে বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-২০১৯।
আইসিসিবির পাঁচটি হলে আয়োজিত আন্তর্জাতিক এ প্রদর্শনীতে বিশ্বের ২০টি দেশের ৩০০টিও বেশি প্রতিষ্ঠান ফিনশিড লেদার, ট্যানিং লেদারের জন্য মেশিনারি, ম্যানুফ্যাকচারিং ফুটওয়্যার, চামড়াজাত পণ্যের প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে।