সামনে একাদশ জাতীয় নির্বাচন। আসন্ন এ নির্বাচনে জনসংযোগ বাড়াতে উত্তরবঙ্গ সফর শুরু করেছে আওয়ামী লীগের প্রতিনিধিদল। ট্রেন যাত্রার এ সফর শুরু হয়েছে আজ শনিবার সকালে। এতে নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঢাকা থেকে আন্তঃনগর ট্রেন নীলসাগর এক্সপ্রেসে যাচ্ছেন আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা ও গণমাধ্যমকর্মী।
যাত্রাপথে ট্রেনটি টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর ও নীলফামারী জেলার অন্তর্ভুক্ত রেলস্টেশনগুলোতে থামবে। সেখানেই পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারের উন্নয়ন কাজ তৃণমূলে পৌঁছে দিতে এবং দলকে শক্তিশালী করতেই উত্তরাঞ্চলে আওয়ামী লীগের ট্রেন সফর। ভবিষ্যতে নৌ ও সড়ক পথেও সফর করা হবে।
এবার নির্বাচন উপলক্ষে গঠিত ১৫টি সাংগঠনিক দলের চলমান সফরের অংশ হিসেবে এই যাত্রা শুরু হলো। দুই দিনের সফরে টিমের শনিবার সকাল ৮টায় কমলাপুর রেলস্টেশন থেকে আওয়ামী লীগের প্রতিনিধিদল উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়।
সফরের প্রথম পর্যায়ে ট্রেনটি নীলফামারী গিয়ে থামবে। যাত্রা পথে ট্রেনটির ৮টি স্টপেজে যাত্রাবিরতির জায়গাগুলোতে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ নেতারা।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, নির্বাহী সদস্য আনোয়ার হোসেনসহ দলের কেন্দ্রীয় নেতারা সাধারণ সম্পাদকের সফরসঙ্গী থাকবেন।