
জাহিদ শিকদার, জেলা প্রতিনিধি (পটুয়াখালী) : পটুয়াখালীর যোগাযোগ বিচ্ছিন্ন রাঙ্গাবালী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল (১০সেপ্টেম্বর) রবিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ ভবনটি উদ্বোধন করবেন তিনি।
জানা গেছে, ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন এবং উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। ২০১২-১৩ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘নবসৃষ্ট ও নদী ভাঙনে বিলীন উপজেলা সমূহে কমপ্লেক্স ভবন নির্মাণ’ প্রকল্পের অধীনে ৭ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট ওই উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়। নির্মিত ওই ভবনটি রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ও্ই সময় এপ্রান্তে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের এমপি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান প্রমুখ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন বলেন, ভিডিও কনফারেন্সে রোববার মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে কলাপাড়া সাবমেরিন কেবল উদ্বোধনের পাশাপাশি রাঙ্গাবালী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করবেন। উদ্বোধনের সকল আয়োজন ওই সাবমেরিন কেবল স্টেশনে, ওখানেই আমরা সবাই উপস্থিত থাকব।
পটুয়াখালী জেলা প্রশাসক ড. মো: মাছুমুর রহমান সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রাঙ্গাবালী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন করবেন।