২০১৮ সালে বৃহৎ দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী বছর থেকে খাতওয়ারি বড় বড় দুর্নীতিবাজদের তালিকা করে ব্যবস্থা নেয়া হবে বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানিয়েছেন।
আজ শনিবার (সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতিবিরোধী মানববন্ধনে তিনি এ কথা বলেন। চেয়ারম্যান ও কমিশনারদের নেতৃত্বে দুদকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, গার্ল গাইডস, বয়েজ স্কাউট, আনসার ও বিএনসিসির সদস্যরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দুদক চেয়ারম্যান আরো বলেন, জনগণের অর্থ লোপাটের দিন শেষ। ব্যাংককে অবশ্যই আইন-বিধি অনুযায়ী ঋণ দিতে হবে। জনগণের অর্থ নিয়ে ছিনিমিনি করতে দেয়া হবে না। দুর্নীতিবাজদের স্ত্রীর নামে সম্পদ রাখা একটা সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। এজন্য অনেক সময়ই দুর্নীতিবাজদের স্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়।
তিনি বলেন, মনে হয় অধিকাংশ সরকারি কর্মকর্তাদের শ্বশুর বাড়ির লোকজন ধনী, তারা স্ত্রীদের নামে সম্পদ থাকার কথা বলে। এর বড় কারণ আমাদের দেশের মা-বোনরা সচেতন নয়।
এজন্য মা-বোনদের সচেতন করার চেষ্টা করছি। এ বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে চিন্তা-ভাবনা করছি।