দরিদ্র মানুষের পরিমাণ দেশে এখন তিন কোটি। যার মধ্যে এক কোটি হতদরিদ্র। বর্তমানে যে হারে কাজ করা হচ্ছে, তাতে আগামী ৭-৮ বছর চলমান থাকলে আমরা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারব।আমাদের বর্তমান সরকারের টার্গেট হচ্ছে- আগামী ১০ বছরের মধ্যে দেশে কোনো দরিদ্র মানুষ থাকবে না। তবে এমন নয় যে একেবারে দারিদ্র্য শেষ হয়ে যাবে। দেশের বিভিন্ন স্থানে কিছুটা হলেও দারিদ্র্য থাকে।
রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন-২০১৮’ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন। পিকেএসএফ অনুষ্ঠানটির আয়োজন করে।
অর্থমন্ত্রী বলেন, আগামী ১০ বছরে দেশ থেকে দারিদ্র্য দূর করতে হলে বছরে ২ শতাংশ হারে দরিদ্র কমাতে হবে। কিন্তু আমরা এখনও সেটি পারিনি। দারিদ্র্য কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। তাই আমাদের কাজ হচ্ছে সেই কার্যক্রমগুলো যথাযথভাবে সম্পন্ন করা।এ সময় পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম, পর্ষদ সদস্য নাজনীন সুলতানা, ডিএমডি মো. ফজলুল কাদের প্রমুখ।