আগামী ২২শে জানুয়ারি রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম শুরু হচ্ছে। মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী ড. উইন মিয়াত আইয়িকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইটস অব মিয়ানমার এ তথ্য জানিয়েছে।
বাস্তুচ্যুত ৪৫০ হিন্দু ধর্মাবলম্বী নাগরিককে রাখাইনে ফিরিয়ে নেয়ার মধ্য দিয়ে প্রত্যাবাসন কার্যক্রম শুরু হচ্ছে। তবে রাখাইন থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা মুসলমানদের প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের সংবাদ মাধ্যমের ওই রিপোর্টে কিছুই বলা হয়নি।
রিপোর্ট মতে, রাজধানী নেপি’ডতে দেশটির জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদের সঙ্গে আলাপে পুনর্বাসনমন্ত্রী প্রত্যাবাসনের প্রথম ধাপে ২২শে জানুয়ারি সীমান্তে ৪৫০ হিন্দু শরণার্থীকে ফেরত নেয়ার কথা জানান। মানবাধিকার কমিশনের তরফে প্রত্যাবাসন প্রক্রিয়াটি স্বচ্ছ রাখার আহ্বান জানানো হয়েছে। এদিকে ঢাকায় ৫ ঘণ্টার বেশি সময় স্থায়ী দুটি বৈঠকে বিস্তারিত আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট চূড়ান্ত করেছে বাংলাদেশ।