
চকবাজারের চুড়িহাট্টায় আগুনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে সরকার বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার সকালে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এসময় মন্ত্রী বলেন, ঘটনা খতিয়ে দেখা হবে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
গতকাল রাজধানীর চকবাজারে একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৭০ জন। এছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারি জনিয়েছেন, আগুনের এ ঘটনায় এখন পর্যন্ত ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানান আইজিপি।
আইজিপি বলেন, ভবনটিতে রাসায়নিক গুদাম ছিল। এছাড়া নিচতলায় কয়েকটি গাড়ি ছিল, যেগুলো গ্যাসে চলে। এই আগুনের কারণে গাড়িগুলো বিস্ফোরিত হয়। আরেকটি গাড়ি ছিল, যার ভেতর ছিল অনেকগুলো সিলিন্ডার। ওই সিলিন্ডার হয়তো আশপাশের বাড়িতে ও হোটেলে গ্যাস সরবরাহের জন্য ছিল। ওই গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়। এ কারণে মৃত ব্যক্তির সংখ্যা ও ক্ষয়ক্ষতি অনেক বেড়ে যায়।
অগ্নিকাণ্ডের এ ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজনের লাশ উদ্ধার হলেও আগুন নিয়ন্ত্রণে আসতেই একের পর এক উদ্ধার হচ্ছে নিথর ঝলসানো দেহ। অর্ধশতাধিক ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি।