Monday, August 24

আজও বন্ধ তিন বিভাগের পেট্রোল পাম্প, সারাদেশের সঙ্গে যোগাযোগ বন্ধের আশঙ্কা

0

দেশের তিন বিভাগে দ্বিতীয় দিনের মতো পেট্রোল পাম্প বন্ধ রয়েছে। চলছে ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অবরোধ। এই অবস্থায় রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ১৫ দফা দাবিতে গতকাল থেকে ওই তিন বিভাগে কর্মবিরতি পালন করে আসছে সংশ্লিষ্ট মালিক-শ্রমিকরা।

রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের মোট ২৬ জেলায় একযোগে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। সব জেলার পেট্রোল পাম্প থেকে তেল বিক্রি বন্ধ রয়েছে। ডিলাররা ডিপো থেকে জ্বালানি তেল তুলছেন না, ট্যাংকলরির মালিক-শ্রমিকরা তেল পরিবহণ করছেন না।

ফলে বিপাকে পড়েছেন যানবাহনের মালিক ও যাত্রীরা। কিছু কিছু স্থানে খুচরা হিসেবে সামান্য তেল বিক্রি হলেও তার দাম দ্বিগুণ বা তারও বেশি। ফলে খুব জরুরি না হলে তেল কিনতে পারছেন না গাড়ির মালিক ও চালকরা। সবচেয়ে বিপদে পড়েছেন কাঁচা সবজি কিনে শহরে পাঠানো ব্যবসায়ীরা।

পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ১৫ দফা দাবির মধ্যে রয়েছে, তেল বিক্রির কমিশন বাড়ানো, পেট্রোল পাম্পের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের লাইসেন্স গ্রহণের যে নিয়ম আছে তা বাতিল করা, দেশের বিভিন্ন স্থানে ট্যাংকলরি চলাচলে পুলিশের হয়রানি বন্ধ করা, পেট্রোল পাম্পের জন্য পরিবেশ অধিদপ্তরের যে ছাড়পত্র নিতে হয় সেই নিয়ম বাতিল করা, পেট্রোলপাম্প সংলগ্ন জমির ইজারা বাতিলকরা ইত্যাদি।

তাদের এই ১৫ দাবি না পূরণ না হলে তিন বিভাগে ধর্মঘট গ্রত্যাহার করা হবে না বলেও জানিয়েছেন পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.