আন্দামান সাগরে সৃষ্ঠ হওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে আজ বৃহস্পতিবারের মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে। পরবর্তী সময়ে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঝড়ে রূপ নিলেও তা বাংলাদেশের দিকে আসবে কি না সে ব্যাপারে নিশ্চিত নন আবহাওয়াবিদরা।
গতকাল বুধবার রাত পর্যন্ত এটি বাংলাদেশ থেকে অনেক দূরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থান করছিল।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘লঘুচাপের ভবিষ্যৎ এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এখন পর্যন্ত এর নির্দিষ্ট কোনো গতিপথ বলা মুশকিল। সুস্পষ্ট লঘুচাপটি এখনো বাংলাদেশ থেকে অনেকটা দূরে আছে। ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর মোটামুটি বোঝা যাবে।
স্থলভাগে উঠলে এর প্রভাবে ৬ বা ৭ ডিসেম্বরের দিকে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে। এমনকি বাংলাদেশের দিকে না এসে এটি অন্যদিকে গেলেও আমাদের এদিকে কিছু বৃষ্টিপাত হতে পারে।’
ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) বলেন, সুস্পষ্ট লঘুচাপটি আজ বৃহস্পতিবারের মধ্যে নিম্নচাপ ও ২ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে । আইএমডি গতকাল তাদের ওয়েবসাইটে জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ২ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে থাকা অবস্থায় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত।