Friday, August 21

আজ আ. লীগ ও বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা হবে

0

আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আজ শনিবার প্রার্থী চূড়ান্ত করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। আওয়ামী লীগ কাউন্সিলর পদেও প্রার্থী চূড়ান্ত করবে আজ। তবে জাতীয় পার্টি এ বিষয়ে আরো সময় নেবে।

গতকাল ছিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন। মেয়র পদে দুই সিটিতে ফরম জমা দিয়েছেন বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশী।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের এক সভায় প্রার্থী চূড়ান্ত হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ তেমন কোনো নেতা দলীয় মনোনয়ন ফরম তোলেননি। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে প্রার্থী বাছাই করতে চাপে পড়তে হচ্ছে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের। দলটির গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন নেতা এখানে মনোনয়নপ্রত্যাশী হয়েছেন।

মেয়র ও কাউন্সিলর পদে আওয়ামী লীগের মনোনয়ন ও সমর্থনের ক্ষেত্রে প্রার্থীদের জনপ্রিয়তা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তিকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দলের সিদ্ধান্ত হচ্ছে, যাঁরা বিতর্কিত এমন কাউকে মনোনয়ন দেওয়া হবে না। বিতর্কের ঊর্ধ্বে যাঁরা আছেন, যাঁদের কোনো অপকর্মের রেকর্ড নেই, তাঁদের মনোনয়ন দেওয়া হবে। আমাদের নেত্রীরও (শেখ হাসিনা) ইচ্ছা ক্লিন ইমেজের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার।’ গতকাল শুক্রবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘শনিবার সন্ধ্যা ৬টায় গণভবনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা হবে। সেখানে দুই সিটির মেয়র এবং ১৭২ জন কাউন্সিলর পদে মনোনয়ন চূড়ান্ত হবে।’ তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে ৯ জন এবং কাউন্সিলর পদে ৪৭৩ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে সাতজন এবং কাউন্সিলর পদে ৩৩৬ জন মনোনয়ন ফরম নিয়েছেন। আর আজ (গতকাল শুক্রবার) উত্তরের কাউন্সিলর পদে ৭০ জন এবং দক্ষিণে ৭২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।’

এদিকে গতকাল বিকালে নয়াপল্টন্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে মনোনয়ন ফরম জমা দেন তারা। উত্তরে জমা দিয়েছেন দলটির বিশেষ সম্পাদক ড.আসাদুজ্জামান রিপন ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং দক্ষিণে জমা দিয়েছেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজ গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। যদিও আরো আগেই দক্ষিণে ইশরাক হোসেন ও উত্তরে তাবিথ আউয়ালকে দলের পক্ষ থেকে সবুজ সংকেত দেয়া হয়েছে।

ফরম জমা শেষে তাবিথ আউয়াল বলেন, আমি ফরম জমা দিয়েছে। কাল দল চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে। এর পরই আমরা নেমে যাব। কিন্তু একটা অসুস্থ নির্বাচন করার জন্য অনেক পরিকল্পনা নেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

পরে রিজভী আহমেদ সাংবাদিকদের বলেন, যারা প্রার্থী হতে চান তাদের দলের মনোনয়ন বোর্ড সাক্ষাৎকার নেবেন। সেখানে যাছাই বাছাই শেষে সিদ্ধান্ত ঘোষণা করা হবে। আশা করছি শনিবার চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। আর কাউন্সিলরদের প্রক্রিয়াতো ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি দেখছে। সেখানে তারা কাজ করছে। আলাদা টিম গঠন করা হয়েছে তারাই সেখানে বাছাই করবেন।

ইভিএম নিয়ে বার বার আপনারা কথা বলেছেন, এ বিষয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে যাবেন কি-না এমন প্রশ্নে তিনি বলেন, এখনতো যাছাই বাছাই প্রক্রিয়া চলছে। এর পরই আমরা ইভিএম ছাড়াও আনুষ্ঠানিক বিষয় নিয়ে নির্বাচন কমিশনকে জানাবো।
শেষ পর্যন্ত বিএনপি মাঠে থাকবে কি-না এমন প্রশ্নে রিজভী বলেন, নির্বাচনে প্রার্থীর পক্ষে কাজ করে নেতা কর্মীরা। কিন্তু তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই দলের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এটা করা হচ্ছে বিএনপির কর্মী সমর্থকদের ভয় দেখানোর জন্য। তারপরেও বলব আমরা নির্বাচন করব। আর সেখানে যতটুকু স্পেস পাচ্ছি সেটা ব্যবহার করব।

ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে দলীয় সমর্থনপত্র কিনেছেন ২৮০ জন। এর মধ্যে পুরুষ কাউন্সিলর পদে ২২০ জন এবং মহিলা (সংরক্ষিত আসনে) ৬০ জন। আর সবাই মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এদিকে ঢাকা মহানগর দক্ষিণে কাউন্সিলর পদে মোট দলীয় সমর্থনপত্র কিনেছেন ১৯৬ জন। পুরুষ কাউন্সিলর পদে ১৬২ জন এবং মহিলা (সংরক্ষিত আসনে) মনোনয়ন ফরম নিয়েছেন ৩৪ জন। এদের সবাই মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.