আজ বৃহস্পতিবার বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবছর শিক্ষাবর্ষের প্রথম দিন সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব করা হলেও করোনার কারণে এ বছর তা হচ্ছে না।
সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দেবেন। এর পর শিক্ষার্থীরা সম্মিলিতভাবে ধন্যবাদ দেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ ছাড়া দুই মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘পাঠ্যপুস্তক উৎসব’ উদ্বোধন করার পর ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার কার্যক্রম পরিচালিত হবে। তবে একদিনে সব শিক্ষার্থীকে বই দেওয়া এ বছর সম্ভব হবে না। পর্যায়ক্রমে ক্লাসে শিক্ষার্থীরা নতুন বই পাবে।