ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে আজ । সারা দেশের বাড়ি গিয়ে তিন দফায় তথ্য সংগ্রহ করা হবে। এ তথ্য সংগ্রহের কাজ চলবে ৯ আগস্ট পর্যন্ত।
আজ মঙ্গলবার সকাল ১১টায় ময়মনসিংহে টাউন হলে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। এ সময় চার নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন।
২০১৮ সালের জানুয়ারিতে যাদের বয়স ১৮ হবে এবং যেসব নাগরিক যোগ্য হওয়ার পরও বিভিন্ন কারণে ভোটার হতে পারেননি কেবল তাদের ভোটার করা হবে। এ ধাপে ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি মৃত ভোটরারে তথ্যও সংগ্রহ করে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।
তিন ধাপের তথ্য সংগ্রহের প্রথমধাপে ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত ১৮৩টি উপজেলার বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। ভোটার নিবন্ধন করা হবে ২০ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় ধাপে ১৬ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত তথ্য সংগ্রহ ২১৬টি উপজেলা এবং তৃতীয় ধাপে ১৪ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বাকি ১১৮টি উপজেলার তথ্য সংগ্রহের কার্যক্রম চলবে। এরপর ভোটারের তথ্যগুলো নিবন্ধন করা হবে। হালনাগাদে ঠিকানা স্থানান্তর ও মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়া হবে।
বর্তমানে ১০ কোটি ১৮ লাখের বেশি নাগরিক ভোটার তালিকাভুক্ত রয়েছে। হালনাগাদে নতুন করে ৩০ থেকে ৩৫ লাখ ভোটার অন্তর্ভুক্ত হতে পারে বলে ইসি কর্মকর্তারা মনে করছেন।
ভোটার তালিকা হালনাগাদ কেন্দ্রীয় সমন্বয় কমিটি রয়েছে। ২ জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। দাবি আপত্তি ও সংশোধনের জন্য দরখাস্ত দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি। দাবি আপত্তি ও সংশোধন নিষ্পত্তির শেষ তারিখ ২২ জানুয়ারি। দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিল করা দরখাস্তের ওপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশনের শেষ তারিখ ২৭ জানুয়ারি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ জানুয়ারি।