চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কুলখানি আজ বন্দরনগরীতে অনুষ্ঠিত হবে।
মহিউদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সচিব মো. ওসমান গনি জানান, মরহুমের পরিবারের সদস্যরা আজ এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কুলখানি সম্পন্ন করার জন্য মহানগর আওয়ামী লীগের সহযোগিতায় ১২টি কমিউনিটি সেন্টারে ৮০ হাজার মানুষের ‘মেজবান’ আয়োজনের সব কর্মকাণ্ড সম্পন্ন করেছে।
পরিবার সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার বিপরীতে দি কিং অব চিটাগাং, জিইসি মোড়ের কে স্কয়ার কমিউনিটি সেন্টার, চকবারাজারের কিশলয় কমিউনিটি সেন্টার, পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত সুইসপার্ক কমিউনিটি সেন্টার, লাভলেইন সড়কের স্মরণিকা কমিউনিটি সেন্টার, মোহাম্মদপুরের এন মোহাম্মদ কনভেনশন হল, বাকলিয়া থানা এলাকার কেবি কনভেনশন হল, কাজীর দেউরি এলাকার ভিআইপি ব্যাংকুইট কমিউনিটি সেন্টার, সাগরিকা স্কয়ার ও ডবলমুরিং থানা এলাকার গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারে মেজবানের আয়োজন করা হয়েছে।
এ ছাড়াও, হিন্দু, বৌদ্ধ খ্রীস্টান ও অন্যান্য ধর্মের অনুসারীরে জন্য মেজবানের আয়োজন করা হয়েছে জামাল খান এলাকার রীমা কনভেনশন সেন্টারে।
এছাড়া চশমা হিলের বাস ভবনে আয়োজন করা হয়েছে মহিলাদের জন্য। এ ১২টি স্থানে মোট আশি হাজার মানুষকে খাওয়ানো হবে বলে জানিয়েছে পারিবারিক সূত্রটি।
প্রসঙ্গত চট্টগ্রামের ৩ বার নির্বাচিত সিটি মেয়র জনপ্রিয় নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী ৭৪ বছর বয়সে গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম নগরীর মেহেদিবাগের ম্যাক্স হাসপাতালে ইন্তেকাল করেন। গতকাল শুক্রবার বিকেলে লালদিঘী ময়দানে লাখ লাখ মানুষের উপস্থিতিতে জানাজা শেষে সন্ধ্যায় চশমা হিলের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৩ দিনের শোক কর্মসূচি পালন করছে।