আজ সারা দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে (রোববার) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। অর্থাৎ ভোটের কারণে আজ দেশের সব অফিস-আদালত বন্ধ থাকবে।
এর আগে ২০ ডিসেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক সারা দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০ ডিসেম্বর (রোববার) সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হল।
এর আগে ১৭ ডিসেম্বর নির্বাচন কমিশন ভোট গ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়। ভোটের আগের দু’দিন সাপ্তাহিক ছুটি এবং পরদিন সাধারণ ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীদের মধ্যে ঈদের আমেজ কাজ করছে। নিজ এলাকায় ভোট দিতে ইতিমধ্যে রাজধানীর বেশির ভাগ মানুষ গ্রামের বাড়িতে চলে গেছেন। ফলে রাজধানী ও বানিজ্যিক নগরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ প্রায়ই শহর এলাকায় রাস্তাঘাট একদমই ফাঁকা। নেই যানজটের নিত্যদিনের চিত্র।