Tuesday, July 28

আটক বিএসএফ সদস্যকে ফেরত

0

গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটকের পর পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দিয়েছে বিজিবি।

আটক বিএসফ সদস্য এসআই লিটন সরকার গান্ধিনা ক্যাম্প সদস্য। শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে তাকে ফেরত দেয়া হয়। অবৈধ অনুপ্রবেশকালে বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে বিজিবি কাজিপুর ক্যাম্প সদস্যরা। মিয়ানমারের রোহিঙ্গাদের পুশব্যাকের চেষ্টার সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাজিপুর সীমান্তের ওপারে রোহিঙ্গা নাগরিকদের জড়ো করে বাংলাদেশে ঠেলে দেয়া হতে পারে বলে খবর পায় সীমান্তবাসী ও বিজিবি। তাই গত কয়েকদিন ধরে কাজিপুর সীমান্তের রাত জেগে পাহারা করছিলেন সীমান্তবাসী।

কাজিপুর গ্রামের বর্ডার পাড়ার কয়েকজন বলেন, বিজিবি সদস্যদের সঙ্গে গ্রামের ২০/২৫ জন পাহারা করছিলেন। রাত ১০টার দিকে সীমান্তের ভারতীয় কাটাতারের ১১০ নম্বর গেট খুলে দেয় বিএফএস সদস্যরা। সেখানে বেশ কিছু নারী পুরুষের দেখা মেলে। তারা রোহিঙ্গা হতে পারে বলে সন্দেহ হয়। কিছুক্ষণ পরে ১৪৬/৪ এস পিলার এলাকা দিয়ে সাধারণ পোশাকে বিএসএফের তিন সদস্য বাংলাদেশের সীমানায় অবৈধ প্রবেশ করে।

বিজিবি ও এলাকাবাসী তাদের প্রতিরোধ করলে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় লিটন সরকারকে আটক করে বিজিবি। বাংলাদেশ ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে আটক করে কাজিপুর বিওপিতে আনা হয়। পরে রাত সাড়ে তিনটার দিকে বিজিবি কাজিপুর ক্যাম্প ও বিএসএফ গান্ধিনা ক্যাম্পের পতাকা বৈঠক শেষে লিটন সরকারকে ফেরত দেয় বিজিবি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.