Sunday, September 13

‘আদাবরে সংঘর্ষের ঘটনায় ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী’

0

রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে আওয়ামী লীগের দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী এখন নির্বাচন কমিশনের অধীন। আজ শনিবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এদিন, মোহাম্মদপুরের আদাবরে আওয়ামী লীগের দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের মধ্যে গাড়িচাপায় আরিফ (১৫) ও সুজন (১৭) নামে দুই কিশোরের মৃত্যু ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপে করে আসা বেশ কিছু তরুণ লোহার গেটের কাছে এলে বিপরীত দিক থেকে সেই পিকআপ লক্ষ্য করে হামলা চালানো হয়। এর পর সবাই ছোটাছুটি করে। ওই সময় পিকআপভ্যানটি দ্রুত ঘোরাতে গেলে তার নিচে চাপা পড়েন এই দুই কিশোর।
নিহত আরিফের ভাই আলাউদ্দিন জানান, ‘যুবলীগের একটি অনুষ্ঠানে যাচ্ছিল আমার ভাই। তাদের গাড়িতে হামলা হলে সে নেমে পালানোর সময় ওই গাড়িতেই পিষ্ট হয়।’

জানা যায়, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক ও এবার মনোনয়নপ্রত্যাশী সাদেক খানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে। ১৬ নম্বর সড়কের পাশাপাশি সুনিবিড় হাউজিংয়ের ১০ নম্বর সড়ক ও শম্পা মার্কেট এলাকায়ও একই সময়ে সংঘর্ষ বাঁধে। তাতে আহত হয়েছেন অন্তত ২০ জন।
আদাবর থানার ওসি কাওসার আহমেদ জানান, আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ বেঁধেছিল। এখন পরিস্থিতি শান্ত আছে। তারা সতর্কভাবে পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছেন বলে জানান ওসি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.