Saturday, August 29

আদিতমারীতে গুলিবিদ্ধ মাদকবিক্রেতা আটক

0

লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুলিশের সঙ্গে মাদক বিক্রেতাদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় রহিম বাবু ওরফে চুলকানী বাবু (৩০) নামে এক মাদক বিক্রেতাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) দিনগত মধ্যরাতে উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের গিলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মাদক বিক্রেতাদের হামলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গুলিবিদ্ধ রহিম বাবু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চুলকানীর বাজার এলাকার আইয়ুব আলীর ছেলে।

আদিতমারী থানা ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ৩ টি মাদক মামলার আসামি রহিম বাবুকে চুলকানীর বাজার থেকে সন্ধ্যায় ১’শ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে পুলিশ। রাতে তাকে নিয়ে মাদকের বড় চালান উদ্ধারে গেলে পুলিশের ওপর তার সহযোগীরা গুলি চালায়।

তিনি বলেন, পুলিশের ওপর হামলা চালিয়ে রহিম বাবুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তার সহযোগীরা। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। এতে রহিম বাবুর পায়ে গুলি লাগে। পরে তাকে আহত অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, মাদক বিক্রেতাদের হামলায় তিনি নিজে ও কনস্টেবল আব্দুল খালেক আহত হয়েছেন। তারাও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ওই সময় ঘটনাস্থল থেকে আরও ৫০ পিস ফেনসিডিল ও কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি ও পুলিশের ওপর হামলার অভিযোগে রহিম বাবুর বিরুদ্ধে আরও দু’টি মামলা করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.