Saturday, August 15

আদিতমারীতে টিসিবি’র দোকান ভাঙচুর ও লুটপাটের মামলা; ইউপি চেয়ারম্যান গ্রেফতার

0

লালমনিরহাট প্রতিনিধিঃ টিসিবি’র দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউপি চেয়ারম্যান শওকত আলীকে(৫৫) গ্রেফতার করেছে পুলিশ ।

বুধবার(০১ জুলাই) সকাল ১১টার দিকে আদিতমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতার চেয়ারম্যান শওকত আলী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি গ্রামের মৃত করিম উদ্দিনের ছেলে। তিনি পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।

মামলার বাদি টিসিবি ডিলার নুরবক্ত মিয়া পলাশী ইউনিয়নের মদনপুর ফকিরটারী গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় নামুড়ি বাজারে ওষুধ বিক্রেতা ও টিসিবি পন্যের ডিলার।

মামলা সুত্রে জানা গেছে, ঢাকার এক এজেন্সির মাধ্যমে সৌদিতে কাজে যান পলাশী ইউনিয়নের নামুড়ি বাজারের টিসিবি ডিলার নুরবক্তের ভাই নুরে আলম। পরবর্তিতে একই এজেন্সির মাধ্যমে উপজেলার পলাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত আলীর নাতি সৌদিতে যান। নুরবক্তের ভাইয়ের কাগজ সঠিক থাকলেও চেয়ারম্যানের নাতির বৈধতা না থাকায় অবরুদ্ধ রয়েছেন।

তার নাতিকে সৌদিতে বিক্রি করেছে মর্মে অভিযোগ তুলে গত ৮ জুন সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান শওকত আলী দলবল নিয়ে নুরবক্তের টিসিবি’র দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে বাঁধা দিলে ডিলার নুরবক্তকে এলোপাতারী মারপিট করে। তাকে বাঁচাতে এসে তার ভাই নুর হোসেন ও প্রতিবেশী আনারুল গুরুতর আহত হন। এ সময় দোকানে থাকা টিসিবি’র পন্য বিক্রির ২লাখ টাকা ছিনিয়ে নেন হামলাকারীরা। বিষয়টি জানতে পেয়ে স্থানীয়রা ছুটে এলে দলবল নিয়ে পালিয়ে যান চেয়ারম্যান শওকত আলী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় বিচার চেয়ে টিসিবি ডিলার নুরবক্ত বাদি হয়ে পরদিন ৯ জুন ইউপি চেয়ারম্যান শওকত আলীকে প্রধান করে ১০ জনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন।

এ মামলায় বুধবার(০১ জুলাই) সকালে আদিতমারী এলাকা থেকে প্রধান আসামী ইউপি চেয়ারম্যান শওকত আলীকে গ্রেফতার করে আদিতমারী থানা পুলিশ।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম বলেন, দোকান ভাংচুর ও লুটপাটের মামলায় চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.