লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পৃথক ঘটনায় নিখোঁজের একদিন পরে পুকুর থেকে এক গৃহবধুর ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার সারপুকুর ইউনিয়নের টেপারহাট ও মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন স্প্যার বাঁধ এলাকায় পুকুর থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।
মৃতরা হলেন, উপজেলার সারপুকুর ইউনিয়নের টেপারহাট এলাকার প্রফুল্য চন্দ্রের স্ত্রী জয়মালা রানী (৪০) ও মহিষখোচা ইউনিয়নের উত্তর কচুমুড়া এলাকার ইউনুস আলীর ছেলে জীম মিয়া (০৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরের গরুর জন্য ঘাস কাটতে বাড়ির বাহিরে গিয়ে আর ফিরেন নি গৃহবধু জয়মালা রানী। অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান মেলাতে পারেনি পরিবার। শুক্রবার (২৭ মার্চ) সকালে বাড়ির পাশের পুকুরে খোঁজাখুঁজি করে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে পরিবার। খবর পেয়ে থানা পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে।
অপর দিকে শিশু জীম তার খালু একই এলাকার গোবর্দ্ধন সলেডি স্প্যার বাঁধ এলাকার সাইদুল ইসলামের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে খেলতে বেড়িয়ে নিখোঁজ হয়। তার সন্ধানে বিভিন্ন এলাকায় মাইকিং করেও সন্ধান মিলেনি। শুক্রবার (২৭ মার্চ) সকালে তার খালু সাইদুল ইসলামের বাড়ির পাশে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।
আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার মরদেহে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ঊর্দ্ধতন কর্মকর্তার সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।