
সুনাম অক্ষুণ্ন রাখতে সেনাবাহিনী একানিষ্ঠাভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বেলা ১১টায় রাজশাহী সেনানিবাসে ইনফ্যান্টি রেজিমেন্টাল সেন্টারে বীর রেজিমেন্টের চারটি ব্যাটালিয়নকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, দেশের ভেতরে ও আন্তর্জাতিক পরিসরে দক্ষতার কারণে বাংলাদেশ সেনাবাহিনীর অগাধ সুনাম রয়েছে। তারা দেশে ও বিদেশে বিভিন্ন পরিস্থিতিতে আস্থা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। আগামীতেও এমন দায়িত্ব পালন করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, চতুর্থবারের মতো এবং একটানা তৃতীয়বারের মতো সরকার গঠনের সুযোগ পাওয়ায় আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সরকার শাসক নয়, সেবক হিসেবে কাজ করে যাচ্ছে। দেশের সার্বিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যাবে।
প্রধানমন্ত্রী সেবাবাহিনীর উদ্দেশে বলেন, ‘জনগণের সেবা করার জন্য সেনাবাহিনীর সার্বক্ষণিক সহযোগিতা পেয়েছি। বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার জন্য যখনই প্রয়োজন হবে তখনই সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়াবে এটা আমার বিশ্বাস।
অনুষ্ঠান শেষ করে শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে প্যারেড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর লাঠি খেলা ও ডিসপ্লে উপভোগসহ ফটো সেশনে অংশ নেন। পরে রাজশাহীর সংসদ সদস্য ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এদিন রাজশাহীতে তার আর কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। সেনানিবাস থেকে বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার থেকে আরএমপির প্রতিটি থানা এলাকায় টহল জোরদার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মোড়ে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে।