Wednesday, September 2

ভিসি বলেছেন
আন্দোলনকারীদের নামে ক্রিমিন্যাল এ্যাক্টে মামলা হবে: লিটন

0

উপাচার্যকে বলেছি, আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেগুলো প্রত্যাহার করতে হবে। তবে উনি বলেছেন, যারা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ করতে আন্দোলন করছেন, তাদের ছাড় দেওয়া হবে না। বরং তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাক্টের মামলা দেওয়া হবে। উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা জানান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাম জোটের ভিপি প্রার্থী লিটন নন্দী।

ছাত্রলীগ বাদে ভোট বর্জনকারী ডাকসুর পাঁচটি প্যানেল পুনর্নির্বাচন চেয়ে আজ বুধবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে কাছে স্মারকলিপি নিয়ে যায়। স্মারকলিপি প্রদানের পর উপাচার্যের প্রতিক্রিয়া নিয়ে সাংবাদিকদের সামনে একথা জানান প্রগতিশীল ছাত্র ঐক্যের এ নেতা।

লিটন নন্দী বলেন, উপাচার্যের বক্তব্যের জবাবে আমরা বলেছি বিশ্ববিদ্যালয়ে এত দিন যারা ক্রিমিনাল এক্টিভিটি চালালেন, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে। তিনি কোনো উত্তর দেননি।
তিনি বলেন, আগামী তিন দিনের মধ্যে যদি ডাকসু নির্বাচন বাতিল করে পুনঃতফসিল দেওয়া না হলে, একই সঙ্গে এই নির্বাচন পরিচালনার সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা যদি পদত্যাগ না করেন এবং মামলা প্রত্যাহার না করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব রক্ষার্থে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অচল করে দিতে বাধ্য হব।

এর আগে দুপুর ১২টা থেকে গতকালের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর পরে তারা স্মারকলিপি নিয়ে উপাচার্যের কার্যালয়ে যান।
এ সময় তার সঙ্গে ছিলেন স্বতন্ত্র ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান, স্বাধিকার পরিষদের জিএস প্রার্থী এ আর এম আসিফুর রহমান, স্বতন্ত্র জিএস উম্মে হাবিবাসহ আরও অনেকে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.