আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে জুমার নামাজ চলাকালে মসজিদে দুটি বিস্ফোরণের ঘটনায় অন্তত ৬২ মুসল্লি নিহত হয়েছে। শুক্রবারের এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৬০ জন। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগানি এ হামলার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রচণ্ড বিস্ফোরণে মসজিদের ছাদ ধসে পড়েছে। বিবিসি।
স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নানগারহার প্রদেশের হাসকা মায়েনা জেলার জাও দারা নামক এলাকায় মসজিদটি অবস্থিত। গভর্নরের মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় দুপুর দেড়টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, মসজিদটির ভেতরে বিস্ফোরক পুঁতে এবং লুকিয়ে রাখা হয়েছিল। যখন মুসল্লিরা সবাই নামাজ আদায় করছিলেন তখন সেগুলোর বিস্ফোরণ ঘটানো হয়। যারা আহত হয়েছে তাদের অনেকের অবস্থাও আশঙ্কাজনক।
নানগারহার প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরি জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বিস্ফোরণের ধ্বংসস্তূপ থেকে মরদেহ এখনও বের করছেন উদ্ধারকর্মী ও স্থানীয়রা। হাসকা মিনার একটি হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, প্রায় ৩২টি মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ ছাড়া ৫০ জনের মতো আহতকে ভর্তি করা হয়েছে।
দেশটিতে নিয়মিত হামলা চালানো আফগান তালেবানরা মসজিদে হামলার দায় স্বীকার করেনি। এ ছাড়া কোনো জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকেও এই হামলার দায় স্বীকার করা হয়নি। প্রেসিডেন্ট আশরাফ ঘানির মুখপাত্র সাদিক সিদ্দিকী টুইট বার্তায় এ হামলায় শোক প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন।
উল্লেখ্য, আফগানিস্তানে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭৪ জনে। একই সময়ে আহত হয়েছে প্রায় ৩ হাজার ১৩৯ জন। গত বছরের একই সময়ের তুলনায় তা ৪২ শতাংশ বেশি। হতাহতদের মধ্যে ৪১ শতাংশ নারী ও শিশু।