আফগানিস্তানের ওয়ারদাক প্রদেশে তালেবান যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে একথা জানিয়েছে চ্যানেল নিউজএশিয়া।
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শনিবার রাতে ওয়ারদাকের সাঈদ আবাদ জেলার একটি সরকারি ভবনে আগুন লাগিয়ে জেলা পুলিশ প্রধান এবং নয় পুলিশ সদস্যকে হত্যা করে তালেবান যোদ্ধারা।
ওয়ারদাক গভর্নরের দপ্তরের মুখপাত্র আবদুল রহমান মঙ্গল বলেন, ১০ পুলিশ সদস্যকে হত্যা করার পর তালেবানরা স্থানীয় বাসিন্দাদের বাড়িতে হামলা চালায়। তারা কিছুদিন আগে বসানো একটি চেকপয়েন্ট ধ্বংস করে এবং শহরের কিছু জায়গার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
তালেবানদের থামাতে সরকারি বাহিনী তাদের ওপর পাল্টা আক্রমণ করে বলেও উল্লেখ করেন তিনি।
তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, নিরাপত্তা বাহিনীর অনেক সদস্যকে হত্যা করে এবং অস্ত্র, গুলি ও যানবাহন ছিনিয়ে নিয়ে সাঈদ আবাদের মূল অংশ এবং এর আশেপাশের চেকপয়েন্টগুলো দখল করেছে তালেবানরা।
গজনীর গভর্নরের মুখপাত্র মোহাম্মাদ আরিফ নূরী বলেন, যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান সৈন্যদের সঙ্গে লড়াই করে পিছু হটার প্রায় দুইমাস পর তালেবান যোদ্ধারা গজনীর কিছু জায়গা নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টাকালে তারা এক সেনাকে হত্যা করেছে।
এর আগে গত আগস্টে রাজধানী কাবুলের সঙ্গে দেশটির দক্ষিণ অঞ্চলের সংযোগ স্থাপনকারী মহাসড়ক সংলগ্ন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর গজনীতে হামলা চালায় তালেবানরা।
২০১৫ সালে দেশটির উত্তরাঞ্চলের কুন্দুজ শহর দখল করার পর থেকে এ পর্যন্ত এটিই ছিল তালেবানদের সবচেয়ে বড় কৌশলগত অভিযান। এতে ১৫০ নিরাপত্তা সদস্য এবং ৯৫ বেসামরিক নাগরিক নিহত হন।