Saturday, August 22

আফগান প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন দূতের সাক্ষাৎ

0

তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় নেতৃত্ব দেওয়া মার্কিন রাষ্ট্রদূত কাবুলে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এক জন কর্মকর্তা সোমবার একথা জানান। খবর এএফপি
আফগানিস্তানে গত ১৮ বছরের সংঘাত বন্ধে একটি শান্তিচুক্তির লক্ষ্যে গত এক বছর ধরে দোহায় তালেবানের সঙ্গে দফায় দফায় আলোচনা চালিয়ে যান মার্কিন দূত জালমে খালিলজাদ। উভয়পক্ষ একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে বলেও রবিবার তিনি দাবি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জন কর্মকর্তা জানান, রবিবার সন্ধ্যায় খালিলজাদ কাবুলে এসে পৌঁছেন। কাতারের রাজধানী দোহায় সর্বশেষ আলোচনার ফলাফল নিয়ে কথা বলতে তিনি ঘানির সঙ্গে সাক্ষাৎ করেন।

ঐ কর্মকর্তা আরো বলেন, সোমবারও আলোচনা চলবে। এ সময়ে ঘানি ছাড়াও অন্যান্য আফগান কর্মকর্তা উপস্থিত থাকবেন। এর আগে রবিবার খালিলজাদ বলেছেন, আমরা একটি চুক্তির কাছাকাছি এসে পৌঁছেছি যা সহিংসতা কমাবে এবং স্থায়ী শান্তি আলোচনার জন্য সম্মানজনকভাবে একসঙ্গে বসতে আফগানদের সুযোগ করে দেবে।

যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার পর ওয়াশিংটন আল কায়দার বিরুদ্ধে হামলা চালাতে প্রথম আফগানিস্তানে সেনা পাঠায়। কিন্তু যুক্তরাষ্ট্র এখন তাদের এই দীর্ঘদিনের সামরিক সম্পৃক্ততার অবসান চাচ্ছে। ফলে, ২০১৮ সাল থেকে দেশটি তালেবানের সঙ্গে আলোচনা চালিয়ে আসছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.