Tuesday, September 1

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল
‘আমরা ফড়িয়া বিনিয়োগকারী ও পুঁজি সংগ্রহকারী চাই না’

0

মুজিব উল্ল্যাহ্ তুষার,চট্টগ্রাম : বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আমরা ফড়িয়া ব্যবসায়ী, বিনিয়োগকারী ও পুঁজি সংগ্রহকারী চাই না। দক্ষ ব্যবসায়ী, বিনিয়োগকারী ও পুঁজি সংগ্রহকারী চাই। জ্ঞাননির্ভর বিনিয়োগের বিকল্প নেই।
শনিবার (৩০ মার্চ) নগরের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষা উপমন্ত্রী বলেন, আশার বাণী শুনিয়ে পুঁজিবাজার পরিবর্তন করা কী সম্ভব? জেনে বুঝে বিনিয়োগ করা গুরুত্বপূর্ণ। নির্বাচনী ইশতেহার কমিটির সদস্য হিসেবে যখন কাজ করি তখন পুঁজি বাজারকে বিশেষ গুরুত্ব দিয়েছি। পুঁজিবাজারে আমাদের সক্ষমতা ক্রমে বাড়ছে। বাংলাদেশ অর্থনীতিতে বিশ্বের বিস্ময়। আমাদের দরকার অর্থনৈতিক সুশাসন।
তিনি বলেন, আমরা পুঁজিবাজারে সুশাসন নিশ্চিত করতে চাই। উদ্দেশ্য সঠিক না হলে পুঁজিবাজার এগোবে না। জনগণের অর্থ নিয়ে ছিনিমিনি যারা খেলবে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সময়ের দাবি।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’ এর অংশ হিসেবে এ কনফারেন্স আয়োজন করে।
বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন বিএসইসির কমিশনার প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী, ড. স্বপন কুমার বালা, খন্দকার কামালুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, সচেতন ও বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত বিনিয়োগকারী তৈরি করতে চায় বিএসইসি। পুঁজিবাজার স্থিতিশীল রাখতে এ আয়োজন। কনফারেন্সে বিভিন্ন পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক পুঁজিবাজারের বিনিয়োগকারী অংশ নেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.