স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমারও প্রশ্ন- ভিপি নূরের ওপর কেন বারবার হামলা হচ্ছে? তবে এটি খতিয়ে দেখব। মঙ্গলবার(২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর কারওয়ানবাজারের ওয়াসা ভবনে সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন , ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নূর ও তার সমর্থকদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার করা হচ্ছে । ইতোমধ্যে কয়েকজনকে ধরা হয়েছে। এদের মধ্যে যারা অভিযুক্ত কিংবা যারা প্রমাণযুক্ত হয়েছে এবং যাদের ঘটনায় দেখা গেছে তাদের অবশ্যই ধরা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক দিন পর ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। নুরকে ভোট দিয়ে নেতা বানিয়েছে শিক্ষার্থীরা। আমরা মনে করি ডাকসুকে ধরে রাখতে হবে। যাতে ভবিষ্যৎ রাজনীতিবিদ এখান থেকে উঠে আসে, যেভাবে আমরা উঠে এসেছি। সেই জায়গা থেকে নেতাদের শূন্যতা আমরা দেখতে চাই না।’ তিনি বলেন, আমার নিজেরই একই প্রশ্ন-নুরের ওপর কেন বারবার হামলা হচ্ছে, আপনারা যদি এর কোনো কারণ পান তাহলে আমাকে জানাবেন। তবে নুর কেন বারবার ‘আপনাদের মতে’ আক্রান্ত হচ্ছে, সেটি আমরা দেখব।
আসাদুজ্জামান খান বলেন, ৯ বার না দুবার- সেটি আমরা জানি না। কিন্তু আমার প্রশ্ন হলো- তার ওপরে হামলা হবে কেন? তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢোকে না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বা ভিসি যদি অনুমতি দেন কিংবা অনুরোধ করেন তখনই তারা যায়। কাজেই আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে সেখানে এ ধরনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনই কার্যকর ভূমিকা রাখে।’
রোববার ডাকসু ভিপি নুরুল হক নূর ও তার সহযোগীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের ওপর।