Wednesday, August 26

আমি ঠিক চিরাচরিত গোল স্কোরারদের মতো নই: মেসি

0

বর্তমান ফুটবল জগতের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। সম্প্রতি আর্জেন্টিনার প্রচারমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়ে দিয়েছেন গোল করা নিয়ে তার নিজস্ব ভাবনার কথা। এটাও বুঝিয়ে দিয়েছেন, অন্য গোল শিকারি ফরোয়ার্ডদের মতো তিনি বিপক্ষ পেনাল্টি বক্সে বলের জন্য অপেক্ষা করা একেবারেই পছন্দ করেন না। সঙ্গে জানিয়েছেন, তার দেখা সেরা স্ট্রাইকার প্রাক্তন ব্রাজিল তারকা রোনাল্ডো লুইস নাজারিয়ো দে লিমা।

মেসি বলেছেন, ‘আমি ঠিক চিরাচরিত গোল স্কোরারদের মতো নই। আমার ভালো লাগে একটু নীচ থেকে খেলতে। যাতে অনেক আগে থেকেই বলের সঙ্গে আমার পায়ের সংযোগটা তৈরি হয়। সব সময় লক্ষ্য থাকে, অন্যদের বা নিজের জন্য গোলের সুযোগ তৈরি করার। সুযোগের জন্য অপেক্ষা করা নয়। একটা ম্যাচে অনেকক্ষণ যদি আমার সঙ্গে বলের যোগাযোগ না থাকে, তা হলে আমি সেই খেলা থেকে বেরিয়েও যেতে পারি।’

বার্সেলোনার কিংবদন্তি তারকার কথায়, ‘এখন অনেক আগে বল ধরে বিপক্ষ বক্সে এসে গোল করে যেতে বা করাতে বেশি ভালো লাগে। তবে শুধু গোল করার জন্য আমি ফুটবলটা খেলি না। শুরুতে যখন খেলতাম, তখন কিন্তু আমার ঠিক এই ধরনের মানসিকতা ছিল না। অনেক দিন ধরে খেলতে খেলতে নিজের মধ্যে একটা নিয়ন্ত্রণের মানসিকতা আনতে পেরেছি। যে কারণে যে কোনো ম্যাচেই আমি এখন মোক্ষম সময়ের অপেক্ষায় থাকতে পারি। দরকার হলে সেই মুহূর্ত তৈরিও করতে পারি।’

তিনি আরও বলেছেন, ‘একটা সময় ছিল, যখন নিজের বা দলের জন্য সুযোগ তৈরির কাজটা আমি একেবারেই করতাম না। তখন শুধুই নিশ্চিত পরিস্থিতির জন্য অপেক্ষা করে বল পেলেই ঝাঁপিয়ে পড়তাম। কিন্তু এখন আমি অনেক পরিণত। একটা ম্যাচের চরিত্র আগের থেকে অনেক ভাল বুঝি। ভাল করেই বুঝতে পারি কখন আমাকে মাঠে নেমে আসল কাজটা করার চেষ্টা করতে হবে।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.