ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ও ক্ষমতাসীন বিজেপির আদর্শিক অভিভাবক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারকে ‘ভারতমাতার মহান সন্তান’ বলায় ক্ষোভ জানিয়েছেন কংগ্রেস নেতারা।
প্রণবের এ উক্তিতে সোনিয়া গান্ধী এতটাই ক্ষেপে গেছেন যে, তার নির্দেশে দলের শীর্ষ নেতারা প্রণবের নাগপুর সফরের বিরোধিতায় নেমেছেন। খবর আনন্দবাজারপত্রিকা।
আরএসএসপ্রধান মোহন ভাগবতের আমন্ত্রণে বৃহস্পতিবার বিকালে নাগপুরে সংগঠনটির সদর দফতরে হাজির হয়ে প্রণব মুখার্জি বক্তৃতা করেন।
আরএসএসের বিরুদ্ধে বিরোধীদলীয় নেতা ও কংগ্রেসপ্রধান রাহুল গান্ধীর সমালোচনার মধ্যেই দলটির সাবেক নেতা প্রণব এ আমন্ত্রণ গ্রহণ করলেন।
এ কারণে কংগ্রেস নেতৃবৃন্দ প্রণবের ওপর প্রচণ্ড ক্ষেপেছেন। তার এ আমন্ত্রণ গ্রহণকে অনেকে বিজেপি বিরোধী সর্বদলীয় বিরোধী জোট বানচালের প্রচেষ্টা বলেও মনে করছেন।
আরএসএসের আমন্ত্রণে সাড়া দেয়ার বিষয়ে প্রণবের মেয়েও বাবাকে এই বলে সতর্ক করে দেন যে- কথা ভুলে যাবে, ছবি মনে থাকবে।
কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা আহমেদ প্যাটেল প্রণবকে উদ্দেশ করে বলেন, আপনার কাছে এটি প্রত্যাশিত নয়।
এদিকে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমরা প্রণব বাবুকে শ্রদ্ধা করি। তবু বলব, তিনি নাগপুরে না গেলেই ভালো করতেন। কারণ গান্ধীর হত্যাকাণ্ডের সঙ্গে আরএসএসের নাম জড়িত।