Friday, July 31

আরও অনেক দিন খেলতে চাই বলেই বিশ্রাম নিয়েছি : সাকিব

0

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, ‘আরও অনেক দিন খেলতে চাই বলেই বিশ্রাম নিয়েছি। এই বিরতির ফলে আরও পাঁচ বছর খেলা সম্ভব হবে।’ তিনি আরও বলেন, ‘টেস্টের আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নেব। সবার শেষে টেস্ট ছাড়ব। আমি টেস্ট দিয়েই ক্রিকেটকে বিদায় জানাবো।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট থেকে বিশ্রামের একদিন পর নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমন কথাই জানালেন সাকিব।

বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, বাইরের টি-টোয়েন্টি লিগ খেলা হলিডে টাইপের। মূল চ্যালেঞ্জটা দেশের জন্য খেলা। সেখানে শতভাগ দেয়াই আমার কাজ। আর টেস্ট সিরিজ থেকে বিশ্রাম নিলে লম্বা সময় পাওয়া যায়, যেটা টি-টোয়েন্টি কিংবা ওয়ানডেতে সম্ভব না।

জানা গেছে, টানা ম্যাচ খেলে ক্লান্তি ভর করায় বিসিবিকে চিঠি দিয়ে ছয় মাস টেস্ট-বিরতি চান সাকিব। এজন্য সাউথ আফ্রিকার টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। সাউথ আফ্রিকার বিপক্ষে ঘোষিত দুই টেস্টের স্কোয়াডে রাখা হয়নি সাকিবকে।

তবে সাকিবের এই বিরতি নিয়ে চারদিকে চলছে কানাঘুষা। নিন্দুকের সমালোচনার তীরে ক্ষতবিক্ষত হচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। শেষমেশ বিরতির কারণ জানিয়ে খোলা চিঠি দিয়েছেন সাকিব।

আমাদের সময়ের পাঠকদের জন্য চিঠিটি হুবহু তুলে ধরা হলো:

প্রিয় ফ্যান,
আপনারা জানেন, আমি গত কয়েক বছর ধরে দেশের গৌরবের জন্য বিরতিহীন ক্রিকেট খেলে যাচ্ছি, যার কারণে আমার অনেক শারীরিক ও মানসিক ধকল যাচ্ছে। এই ব্যাপারটি মাথায় রেখে আমি ঠিক করেছিলাম আসন্ন দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের দুটি টেস্টে সাময়িক বিরতি নেওয়ার এবং বিসিবি বিষয়টি তাদের বিজ্ঞ বিবেচনায় নিয়ে আমাকে খেলা থেকে বিরতি নেওয়ার অনুমতি দিয়েছে।

ফলে, আমি মনে করি, সাময়িক এই বিরতি আমাকে আগামী খেলাগুলোর জন্য আরও শক্তি ও মনোবল যোগাবে এবং আমাকে ও পুরো দলকে সাহায্য করবে আগামীতে আমাদের সাফল্যের চূড়ায় নিয়ে যেতে।

আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই তাদের সীমাহীন ভালোবাসা ও অনুপ্রেরণা দেওয়ার জন্য। আসুন, সবাই আমাদের টাইগারদের সাফল্য কামনা করি সামনের দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের জন্য।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.