কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলায় ১১ জন পাথর ভাঙায় নিয়োজিত শ্রমিককে আটক করা হয়েছে। রবিবার উপজেলার মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চলের কুরুপপাতা ইউনিয়নের কচুরছড়া এলাকা হতে অবৈধ পাথর উত্তোলনকালে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হল, মো.বেলাল(১৮), আরাফাত(১৯), আব্দুল হাকিম(২২), মিরাজ(২২), ইসমাইল(২২), সাইফুল(২৫), কামাল হোসেন(৩০), করিম(৩৩), জকির(৩৫), সেলিম(৪৫), রুহুল আমিন(৫০) ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ পাথর উত্তোলন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও বন বিভাগ যৌথভাবে ওই জায়গায় অভিযান চালায় । এসময় পাথর উত্তোলনের কাজে নিয়োজিত ১১ জনকে আটক করা হয় ।
কাজে নিয়োজিত শ্রমিকরা আলীকদমের পাথর ব্যবসায়ী কালাম ও ইলিয়াছ সওদাগরের লোক বলে জানিয়েছে স্থানীয়রা ।
আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ রফিক উল্লাহ বলেন, ১১ জনকে আসামী করে থানায় মামলা রেকর্ড করা হয়েছে।