কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আব্দুর রহমান নামের আরেকজন আহত হয়েছেন।আজ রবিবার বিকালে সোয়া ৩টার দিকে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের তুলাতলী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
বজ্রপাতের ঘটনায় নিহতরা হলো কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মরিচ্যা এলাকার বাসিন্দা ইলিয়াছ আলীর ছেলে মো.রবিউল ইসলাম (২২) ও আবদুল লতিফের ছেলে আলী জহুর (২৫)।
স্থানীয় সূত্র জানায়, রবিউল ও জহুর আলীসহ ৩জন রবিবার বিকাল সোয়া ৩টার দিকে বাড়ীর পাশের জমিতে সৃজিত করলা ক্ষেতে কাজ কারতে যান। এ সময় আচমকা বজ্রপাত হলে ঘটনাস্থলে তারা গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষনা করেন।
এই ব্যাপারে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ (ওসি) বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আমরা নিশ্চিত হয়েছি বজ্রপাতে দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।