Thursday, August 20

আ’লীগের নতুন নেতৃত্বকে স্বাগত বিএনপির

0

আওয়ামী লীগের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছে বিএনপি। শনিবার রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা যেহেতু একটি রাজনৈতিক দল, আমরা সব রাজনৈতিক দলকে সব সময় সহযোগিতা করি, স্বাগত জানাই। আওয়ামী লীগের কাউন্সিলে যেহেতু নতুন নেতৃত্ব গঠন করা হয়েছে, আমরা তাদের স্বাগত জানাচ্ছি।

মির্জা ফখরুল বলেন, আমরা আশা করব, নতুন যে কমিটি গঠিত হয়েছে তারা তাদের অতীতের অপকর্মগুলোকে ভুলে গিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য অতি দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবেন। যে নির্বাচনটি একটি নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় অনুষ্ঠিত হবে এবং মানুষের ভোটের অধিকারগুলো ফিরিয়ে দেবে।

আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ একটি পুরনো ঐতিহাসিক রাজনৈতিক দল এবং নিঃসন্দেহে এই জাতি গঠনে, জাতির স্বাধীনতা লাভে ও গণতন্ত্রের সংগ্রামের জন্য অতীতে অনেক গৌরবময় অধ্যায় তাদের রয়েছে, ইতিহাস রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে এই দলটির হাতেই বারবার গণতন্ত্র নিহত হয়েছে। ১৯৭৫ সালে তারা একবার বাকশাল করেছিল, আবার এই একদশক ধরে পূর্বপরিকল্পিতভাবে একদলীয় শাসনব্যবস্থা চাপিয়ে দেয়ার জন্য সব কাজ সমাপ্ত করেছে।

বর্তমান সমসাময়িক নানা বিষয়ে আলোচনা করতে সন্ধ্যায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির এ বৈঠক হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, আগামী বছর স্বাধীনতার অর্ধশত বর্ষ (সুবর্ণজয়ন্তী)। এই অর্ধশত বার্ষিকী বছরব্যাপী বিএনপি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার জন্য একটি উপ-কমিটি গঠন করেছে। এই উপ-কমিটি সারা বছর ধরে কর্মসূচি পালনের পরিকল্পনা করবে এবং সেই কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেবে। এই উপ-কমিটির প্রধান করা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে। অন্য সদস্যরা হলেন- গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী ৩০ ডিসেম্বর সেই কলঙ্কজনক নির্বাচনের দিন, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় একটি কলঙ্ক বলে আমরা মনে করি। সেই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত হয়েছে। এদিনটি যথাযোগ্য গুরুত্বের সঙ্গে পালন করার জন্য জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোট ও বিএনপি তাদের কর্মসূচি গ্রহণ করে তা পালন করবে।
রোহিঙ্গা গণহত্যার জন্য মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দেয়ার জন্য গাম্বিয়া, নেদারল্যান্ডস ও কানাডাকে ধন্যবাদ জানিয়ে বিএনপি চিঠি দেবে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক আদালতে এই মামলা রায়ের জন্য অপেক্ষা করছে। গাম্বিয়া এই মামলাকে আন্তর্জাতিক আদালতে তুলে নিয়ে এসেছে। গাম্বিয়াকে সহযোগিতা করেছে কানাডা ও নেদারল্যান্ডস। সেজন্য সিদ্ধান্ত হয়েছে বিএনপির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানিয়ে পত্র দেয়া হবে।

ভারতের এনআরসি নিয়ে বিএনপি তার অবস্থান জানিয়ে আজ রোববার বিকালে সংবাদ সম্মেলন করবে বলেও জানান বিএনপি মহাসচিব। এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ১৯ জানুয়ারি পালনেরও সিদ্ধান্ত হয় স্থায়ী কমিটির বৈঠকে। বিএসএমএমইউতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর উল্লেখ করে তার মুক্তির দাবিতে ‘কার্যকর আন্দোলন’ গড়ে তোলার সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে নেয়া হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। বৈঠকে সদ্য প্রয়াত ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ ও জিয়া পরিষদের চেয়ারম্যান কবীর মুরাদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
স্কাইপেতে যুক্ত হয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুল ছাড়া বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.