সরওয়ার কামাল জামান: জামিয়া দারুল কুরআন সিলেট-এর প্রতিষ্ঠাতা ও শায়খুল হাদীস, জমিয়তে উলামায়ে ইসলামা বাংলাদেশ এর সভাপতি, খলীফায়ে মাদানী, আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক, আমীরে হেফাজত আল্লামা আহমদ শফী।আজ ৮ এপ্রিল বুধবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, দেশের শীর্ষ আলেমদের এভাবে চলে যাওয়া খুবই বেদনাদায়ক। ধাপে ধাপে ইলম ও আমলদার আলেমদের উঠিয়ে নেয়ার মাধ্যমে মূলত ইলম উঠিয়ে নেয়া হচ্ছে। এই আলেম মনীষীর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, ছাত্র, মুরীদ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আল্লামা শাহ আহমদ শফী আরো বলেন, শায়খে ইমামবাড়ি রহ. শায়খুল ইসলাম সাইয়িদ হোসাইন আহমদ মাদানী রহ. এর বিশিষ্ট শাগরিদ ও খলীফা ছিলেন। সেদিক দিয়ে তিনি আমার পীরভাই। আল্লাহ তায়ালা উনার মাধ্যমে তালীম ও তাযকিয়ার অনেক খেদমাত নিয়েছেন। তিনি সবার কাছে ‘শায়খে ইমামবাড়ী’ নামে পরিচিত ছিলেন। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্থান করুন। তাঁর খেদমাতকে সদকা হিসেবে জারি রাখুন, আমীন!
উল্লেখ্য, আজ (৮ এপ্রিল বুধবার) রাত সাড়ে ১২ টার দিকে সিলেট হবিগঞ্জ জেলার অন্তর্গত নবীগঞ্জ থানাধীন ইমামবাড়ী নামক এলাকায় পুরানগাঁওয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। তাঁর নামাযে জানাযা আজ (বুধবার) বেলা ২টা ৩০ মিনিটে নিজ গ্রাম পুরানগাঁওয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।