আগামী ২৯ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি যে সমাবেশ করতে চাচ্ছেন তারা কোনো আওয়ামী লীগ পাল্টা সমাবেশ করবে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর পাংশার কলিমহর ইউনিয়নের গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দলীয় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির সমাবেশে বাধা না দিতে দলীয় নেতাকর্মীদের সতর্ক করে ওবায়দুল কাদের বলেন, আপনারা সড়ক অবরোধ করবেন না। শুধু সতর্ক অবস্থানে থাকবেন। হামলা করবেন না। কিন্তু আক্রান্ত হলে তার উপযুক্ত জবাব দিতে হবে।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি এখন শূন্য কলসির মতো আর আমরা ভরা কলসি; এ জন্য আওয়াজ দেই না। বিএনপিতে এখন হাহাকার, তাই মরাগাঙে জোয়ার আসে না। ইনশাল্লাহ আর আসবেও না। সমাবেশের নামে বিএনপি যদি রাস্তায় বিশৃঙ্খলা ও অবরোধ করে তাহলে আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ জবাব দেবে। রাস্তা বন্ধ করে দেশের কোথাও সভা-সমাবেশ করা যাবে না। আওয়ামী লীগ কোনও পাল্টাপাল্টি সমাবেশ করবে না।
আগামী অক্টোবরের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রিয়তার ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন দেবে বলেও জানান দলের সাধারণ সম্পাদক।
সভায় পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম মোর্শেদ আরজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিদুল হাসান চৌধুরী নওফেল, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, জিল্লুল হাকিম প্রমুখ।
এর আগে বেলা ১১টায় পাংশার শিয়ালডাঙ্গী থেকে রাজবাড়ীর তালতলা পর্যন্ত রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দ্বিতীয় অংশের সম্প্রসারণ ও সংস্কার কাজের উদ্বোধন করেন সেতুমন্ত্রী।
বিকালে রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত আরেকটি কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে ওবায়দুল কাদেরের।