রমজানের শেষ দশ দিনে হারাম শরিফে ইতিকাফে বসছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। ইতিকাফকারী ও বাদশাহ সালমানের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। খবর আরব নিউজের।
বাদশাহ সালমান এ লক্ষ্যে সোমবার জেদ্দা থেকে মক্কা নগরীতে পৌঁছেছেন। মক্কায় বাদশাহ সালমানকে অভ্যর্থনা জানান মক্কা অঞ্চলের গভর্নর প্রিন্স খালিদ আল-ফয়সাল আল-সৌদ।
এদিকে মক্কা নগরীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ। হারাম শরীফে প্রবেশের সকল রাস্তায় নজরদারি রাখা হচ্ছে। নিরাপত্তাবাহিনী হেলিকপ্টার কিছুক্ষণ পরপরই চক্কর দিয়ে যাচ্ছে হারাম শরীফের ওপর দিয়ে।
অন্যদিকে পবিত্র দুই মসজিদে ইতিকাফকারীদের জন্য ডিজিটাল লকসহ ৫০০ লকার বসানো হয়েছে। মক্কায় মসজিদ আল-হারামের লকারে চার্জার প্লাগও রয়েছে। এছাড়া ইতিকাফকারীদের জন্য একটি বালিশ, জায়নামাজ এবং টাওয়েলসহ পরিচ্ছন্নতার সরঞ্জামাদিও রয়েছে।
রমজান মাসের শেষ দশক মসজিদে ইতিকাফ বা অবস্থান করা সুন্নতে মুয়াক্কাদায়ে কিফায়া। আরবি ‘ইতিকাফ’ শব্দের আভিধানিক অর্থ অবস্থান করা, স্থির থাকা, কোনও স্থানে আটকে পড়া বা আবদ্ধ হয়ে থাকা। শরিয়তের পরিভাষায় রমজান মাসের শেষ দশক বা অন্য কোনও দিন জাগতিক কাজকর্ম ও পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে ইবাদতের নিয়তে মসজিদে বা ঘরে নামাজের স্থানে অবস্থান করা ও স্থির থাকাই হচ্ছে ইতিকাফ।