Tuesday, September 8

ইন্দোনেশিয়ার বিধ্বস্ত বিমানের ২৪ আরোহীর দেহ উদ্ধার

0

একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল জানিয়েছে, সোমবার বিধ্বস্ত হওয়া লায়ন এয়ার বিমানের ২৪ জন আরোহীর মৃতদেহ খুঁজে পেয়েছেন। তবে ১৮৯ যাত্রী আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের ওই বিমানটির ধ্বংসাবশেষের খোঁজ এখনও পাওয়া যায়নি। খবর সিএনএন, বার্নামার।

গতকাল সকাল ৬টা ২০ মিনিটে জাকার্তার সোয়েকারনো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর ওই বিমানটি জাভা সাগরে বিধ্বস্ত হয়। এরপরই ওই বিমানের ধ্বংসাবশেষ ও আরোহীদের মৃতদেহের খোঁজে উদ্ধার অভিযান শুরু হয়। ১৯টি জলযান ও তিনটি হেলিকপ্টার নিয়ে জাভা সাগরের যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে ২৪ ঘণ্টা উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার এজেন্সি (বাসারনাস)-র পরিচালক (অপারেশন্স) বামবাং সুরও আজি বলেছেন, আজ মঙ্গলবার সকালে আমরা ২৪ জনের মৃতদেহ, বিমানের কিছু টুকরো এবং আরোহীদের কিছু জিনিসপত্র উদ্ধার করেছি।
তিনি বলেন, ওই মৃতদেহগুলোর পুরো অংশ পাইনি এবং সেগুলো শনাক্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বামাবং আরও বলেন, আমরা ধারণা করছি বিমানে থাকা সব যাত্রী ও ক্রু ওই দুর্ঘটনায় মারা গেছে।

এদিকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো অনুসন্ধান ও উদ্ধার অভিযান ২৪ ঘণ্টা চালানোর নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, আভ্যন্তরীণ রুটে চলাচলকারী ওই বিমানটিতে কোন দেশের নাগরিক ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বিমানের একজন পাইলট ভারতীয় বলে জানা গেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.