Wednesday, September 2

ছাত্রীদের প্রতি খারাপ ব্যবহার, হুমকি, প্রভোস্টের স্বেচ্ছাচারিতা ও রাজনৈতিক হয়রানি
ইবিতে মধ্যরাতে প্রভোস্টের পদত্যাগ চেয়ে ছাত্রীদের আন্দোলন

0

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ হাসিনা আবাসিক ছাত্রী হলের প্রভোস্ট প্রফেসর ড. সেলিনা নাসরিনের পদত্যাগ দাবিতে রাতে আন্দোলন করেছে হলের আবাসিক ছাত্রীরা। হলের ছাত্রীদের প্রতি প্রভোস্টের খারাপ ব্যবহার, হুমকি, প্রভোস্টের স্বেচ্ছাচারিতা ও রাজনৈতিক হয়রানির কারণে বাধ্য হয়ে আন্দোলন করেছেন বলে জানান আন্দোলনকারীরা।

সোমবার রাত ১০টার দিকে হল গেটের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন তারা। এ সময় তারা হল প্রভোস্টের পদত্যাগ দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। একপর্যায়ে গেটে বসে অবস্থান নেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন আন্দোলন প্রত্যাহার করে হলে ফিরে যেতে ছাত্রীদের কাছে হাত জোড় করে অনুরোধ করেন। কিন্তু ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের ভিসি না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হলের অভ্যন্তরীণ গেটে তালা দিয়ে দেয়।

ছাত্র উপদেষ্টা বাধ্য হয়ে ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীকে হল গেটে নিয়ে আসেন। পরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহাও ঘটনাস্থলে উপস্থিত হন। রাত ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভিসির সঙ্গে আলোচনায় বসেন। এ সময় ট্রেজারর ও প্রক্টর সঙ্গে ছিলেন।

আন্দোলনরত ছাত্রীরা জানায়, প্রভোস্ট ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তিনি কথায় কথায় বলেন, হল কি তোমার বাবার? আমরা তার বিরুদ্ধে ভিসির কাছে অভিযোগ করায় তিনি আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে হল থেকে বের করে দেয়ার হুমকি দিয়েছেন।
এছাড়া হলে ছিট পেতে হলের ছাত্রলীগ নেত্রী প্রিয়াঙ্কা বোস রাখি কর্তৃক রাজনৈতিক হয়রানিরও শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ছাত্রীরা।

ছাত্রীরা বলেন, প্রিয়াঙ্কা ছাত্রীদের বলেন, হলে ছিট পেতে হলে ছাত্রলীগ করতে হবে। ছাত্রলীগ করলে হলে থাকতে পাবি, না করলে হল থেকে বের করে দেয়া হবে।

ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, ছাত্রীদের কথা শুনেছি। এ সময় ট্রেজারার মহোদয়ও ছিলেন। ছাত্রীরা রুমে ফিরে গেছে। তারা প্রভোস্টের বিষয়ে অভিযোগ করেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি। আমরা আগামীকাল বিষয়টি নিয়ে বসে একটা সিদ্ধান্তে আসব বলে আশা করছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.