Monday, August 10

ইভ্যালিকাণ্ডে স্থায়ী জামিন পেলেন শবনম ফারিয়া

0

অভিনেত্রী শবনম ফারিয়া ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির অর্থ আত্মসাতের মামলায় স্থায়ী জামিন পেয়েছেন।

আজ রোববার (৬ ফেব্রুয়ারি) হাইকোর্টের দেওয়া আগাম জামিনের মেয়াদ শেষ হয়। এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন অভিনেত্রী।

শুনানি শেষে আদালত মামলার পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত শবনম ফারিয়ার জামিন মঞ্জুর করেন।বিষয়টি নিশ্চিত করেছেন আদালতে ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক ইশারত আলী।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি এ মামলায় একই আদালতে স্থায়ী জামিন পান আরেক অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।গত ১৩ ডিসেম্বর বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ মামলায় দুই অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন।

গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক এ মামলা করেন। তিনি জানান, ইভ্যালির চিফ গুডনেস অফিসার-সংগীতশিল্পী তাহসান, প্রধান বিপণন কর্মকর্তা-সোশ্যাল মিডিয়া তারকা আরিফ আর হোসাইন, প্রধান জনসংযোগ কর্মকর্তা অভিনেত্রী শবনম ফারিয়া ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে দেখে প্রতিষ্ঠানটির প্রতি আস্থা পান তিনি। অর্ডার দেন ৩ লাখ ১৮ হাজার টাকার বাইকের। তবে অনেক চেষ্টা করে সাত মাসেও পণ্য পাননি। তাই বাধ্য হয়ে মামলা করেছেন।

এ মামলার এক নম্বর আসামি ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও দুই নম্বর আসামি করা হয়েছে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে। প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় দুজনেই কারাগারে রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাদের উপস্থিতি এবং তাদের বিভিন্ন প্রমোশনাল কথাবার্তার কারণে আস্থা রেখে বিনিয়োগ করেন সাদ স্যাম রহমান। এসব তারকার কারণে মামলার বাদী প্রতারিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, ইভ্যালির শুভেচ্ছাদূত ছিলেন তাহসান, ফেস অব ইভ্যালি লাইফস্টাইলের শুভেচ্ছাদূত ছিলেন মিথিলা। এ ছাড়া শবনম ফারিয়া প্রধান জনসংযোগ কর্মকর্তা যোগ দিয়েছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.