যে কোনো ফরম্যাটেই তামিমের সঙ্গে অনেকদিন পর দেখা গেল ইমরুল কায়েসকে। দুজনে মিলে চমৎকার সূচনা এনে দেন দলকে। দ্রুতগতিতে হাফ সেঞ্চুরি তোলার পর তামিমের বিদায়ে ভাঙে ৭২ রানের ওপেনিং জুটি। তামিমের অভাব বুঝতে দেননি ইমরুল-মুমিনুল। কিন্তু লাঞ্চ ঘোষণার ঠিক আগের বলটিতে লক্ষণ সান্দাকানের বলে এলবিডাব্লিউ হয়ে যান ইমরুল (৪০)। ভাঙে মুমিনুলের সঙ্গে ৪৮ রানের জুটি। লাঞ্চের আগে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১২০ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে স্বপ্নের মত শুরু এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। অনেক দিন পর ইমরুলক পার্টনার হিসেবে পেয়ে জমিয়ে ফেলেছিলেন তামিম ইকবাল। কিন্তু ৪৬ বলে ৬ চার ১ ছক্কায় ক্যারিয়ারের ২৫তম হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পর দিলরুয়ান পেরেরার বলে বোল্ড হয়ে গেছেন ৫২ রানে। ৭২ রানে প্রথম উইকেট হারানোর পর দলের হাল ধরেন ইমরুল ও মুমিনুল।
চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার সানজামুর ইসলামের। দীর্ঘ ৪ বছর পর জাতীয় দলে ডাক পেয়েও একাদশে স্থান পাননি অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। চোখের সমস্যার কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা তরুণ অল-রাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতও আজ একাদশে এসেছেন।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, সানজামুল ইসলাম।